প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬ ০০:৫৬

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব

মানবাধিকার ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই চেতনাকে বুকে ধারণ করেই তরুণদের নতুন বাংলাদেশ গড়ার কাজে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা পেয়েই তিনি সেবামূলক কাজে যুক্ত হয়েছেন। ছাত্রদলের একজন কর্মী হিসেবে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র, অসচ্ছল ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। এ স্বীকৃতি তাঁর সামাজিক দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেবে বলেও জানান তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবায় অবদানের জন্য দেশের ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দেশের ৪৩২টি সংগঠনকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে যুক্ত ছিলেন।

দলীয় পরিচয়ের পাশাপাশি আতিকুল ইসলাম বিপ্লব বগুড়ার গাবতলী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ২০০৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন করিমপাড়া জনকল্যাণ যুব সংঘ। পরে ২০১৬ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় জামিরবাড়িয়া হাট জনকল্যাণ যুব সংঘ। ২০২৫ সালে সংগঠনটির নিবন্ধন পান তিনি।

সংগঠনটির মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভার আয়োজন, মাদকের কুফল সম্পর্কে লিফলেট বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সচেতনতামূলক সভা করে আসছেন বিপ্লব। এ ছাড়া বেকার যুবকদের মৎস্য চাষের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নিয়েছেন তিনি।

পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জামিরবাড়িয়া হাট গ্রামকে বায়োগ্যাস পল্লীতে রূপান্তরের উদ্যোগ নেন তিনি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। শিক্ষার প্রসারে অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তির দায়িত্ব নেওয়া, শিক্ষার্থীদের মধ্যে বই ও হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন বিতরণ, ক্রীড়াসামগ্রী প্রদান এবং তীব্র গরমে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও বিভিন্ন মসজিদে ফ্যান বিতরণের কাজও করে আসছেন তিনি।

স্বাস্থ্য ও মানবিক সেবায় ক্যানসার আক্রান্ত শিশু বিপুলকে সহযোগিতা, পক্ষাঘাতে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত খাদ্যসামগ্রী প্রদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন, করোনাকালে নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং সনাতন ধর্মাবলম্বী ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিপ্লব। বিপদে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দৃষ্টান্তও রয়েছে তাঁর। এ ছাড়া জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা স্মারক দিয়ে সহযোগিতা করেছেন তিনি।

উপরে