বন্ধুর স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, অতঃপর
বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তুলসি রায় (৩৫) নামের এক ব্যক্তির পেটে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুলসি রায় কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের সঙ্গে তুলসি রায়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সূত্রে বাবু রায়ের বাড়িতে তুলসি রায়ের নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে বাবু রায়ের দুই সন্তানের জননী স্ত্রীর সঙ্গে তুলসি রায়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রায় এক বছর আগে বাবু রায়ের স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করেন তুলসি রায়। এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বাবু রায় একাধিকবার বন্ধুর কাছে তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তবে তাতে কোনো কাজ হয়নি বলে স্থানীয় সূত্রের ভাষ্য।
এ ঘটনার জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে কুঠিবাড়ি গ্রামের সড়কে বাবু রায় তাঁর বন্ধু তুলসি রায়ের পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুলসি রায়কে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
