প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬ ১৪:৩৬

বগুড়ায় টহল পুলিশের ওপর হামলা, ২৮ মামলার আসামিকে ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় টহল পুলিশের ওপর হামলা, ২৮ মামলার আসামিকে ছিনতাইয়ের চেষ্টা

বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনরত টহল পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামি রতন ব্যাপারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রতনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন ব্যাপারী (২৯) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় রতন ব্যাপারীর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি অটোরিকশা স্ট্যান্ডে টহল দেওয়ার সময় কয়েকজনকে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় পুলিশ রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে। পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা ও আশপাশে থাকা স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে এএসআই উজ্জ্বল আহত হন।

ওসি আরও জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রতন ব্যাপারীকে থানায় নেওয়া হয়। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপরে