প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬ ১৪:৪৩

প্রধানমন্ত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহী সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ
ইউসুফ আলী। ছবি: সংগৃহীত

 রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর বিরুদ্ধে প্রটোকল ভঙ্গ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় কর্মকর্তাদের সারিতে থাকা ইউসুফ আলী তাঁর সঙ্গে হাত মেলানোর একপর্যায়ে আলিঙ্গনের চেষ্টা করেন। ঘটনাটিকে প্রশাসনিক শিষ্টাচার ও প্রটোকল লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে স্ট্যান্ড রিলিজ করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি করে। আদেশ জারির পর মঙ্গলবার রাতেই তিনি রাজশাহী ছেড়েছেন বলে জানা গেছে।

উপরে