বগুড়ার আদমদীঘিতে এসিল্যান্ডের ফেসবুক পোস্টের প্রতিবাদ, সংবাদ বর্জনের সিদ্ধান্ত সাংবাদিকদের
বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ফেসবুক পোস্টের প্রতিবাদে সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকলে সেই অনুষ্ঠানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকেরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পোস্টদাতা দুঃখ প্রকাশ না করলে উপজেলা প্রশাসনের সংবাদও বর্জনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
বুধবার ২৮ অক্টোবর সকাল ১১টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, আবু হাসান, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, আবু মোত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান, পবিত্র মজুমদার ও হেদায়েতুল নয়নসহ অন্য সাংবাদিকেরা।
প্রেসক্লাবের সাংবাদিকদের অভিযোগ, আদমদীঘির সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম গত ২৬ অক্টোবর রাতে তাঁর দপ্তরের নামে পরিচালিত ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের উদ্দেশে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘সাংবাদিকতা করতে মিনিমাম যোগ্যতা লাগে। আশা করি সেই যোগ্যতা অর্জন করে নিজেদের ওজন ধরে রেখে সাংবাদিকতা করবেন। তা না হলে মানুষ আপনাদের এমনভাবে প্রত্যাখ্যান করবে যে কোথাও মুখ দেখাতে পারবেন না।’
সাংবাদিকদের দাবি, পোস্টটিতে ঢালাওভাবে সাংবাদিকদের যোগ্যতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিক মহলসহ স্থানীয় সচেতন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাঁরা সরকারি যেসব অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি উপস্থিত থাকবেন, সেসব অনুষ্ঠানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় সাংবাদিকেরা জানান, নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে পোস্টদাতা দুঃখ প্রকাশ না করলে উপজেলা প্রশাসনের সব সংবাদ বর্জনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
