বগুড়ায় ‘কোবরা বাহিনীর’ রতন পাইকারসহ গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার ৫৭০ পিস
বগুড়ায় ‘কোবরা বাহিনীর’ অন্যতম সদস্য হিসেবে পরিচিত রতন পাইকারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কুকরুল এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার মালতিনগর দক্ষিণপাড়ার রতন পাইকার (৩৬), শাজাহানপুর উপজেলার বেজোড়া স্কুলপাড়ার বাসিন্দা বাবু শেখ (৩২), সদর উপজেলার ঠনঠনিয়া দক্ষিণপাড়ার মিরাজ মোল্লা (৩৫), ঠনঠনিয়া পশ্চিমপাড়ার সুমন মিয়া (২৮), শাজাহানপুর উপজেলার বেজোড়া শ্যামলাগাথী পাড়ার রাজু মিয়া (২৭), সদর উপজেলার মালতিনগর দক্ষিণপাড়ার রিয়াদ সাকিদার (২৭) এবং সদর উপজেলার কুকরুল দক্ষিণপাড়ার আবুল বাশার বাপ্পী (২৫)।
পুলিশ জানায়, বেজোড়া ঘাটপাড়া এলাকায় আকবর আলীর গ্যারেজের সামনে অভিযান চালিয়ে প্রথম ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের শরীর তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুকরুল এলাকা থেকে আবুল বাশার বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আরও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের আগে রতন পাইকার ও তাঁর সহযোগীরা বেজোড়া বাজার এলাকায় একটি গ্যারেজে এক অজ্ঞাতপরিচয় তরুণকে আটকে মারধর করছেন—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে আটটির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
