প্রকাশিত : ২ নভেম্বর, ২০২৬ ০১:০৮

পচা-ভাঙা ডিমের কেক, ‘ক্লাসিক প্লেইন কেক’ কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
পচা-ভাঙা ডিমের কেক, ‘ক্লাসিক প্লেইন কেক’ কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি ও খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে ‘ক্ল্যাসিক প্লেইন কেক’ নামের একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ অভিযান পরিচালনাকারী দল। রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার সাজাপুর ফকিরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে বিভিন্ন অনিয়ম দেখতে পান কর্মকর্তারা।

অভিযানকালে কারখানাটিতে পচা ও ভাঙা ডিম দিয়ে কেক তৈরির অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া তৈরি করা কেক ময়লা মেঝে ও অপরিচ্ছন্ন টেবিলে রাখা হচ্ছিল। কর্মরত শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক ও গ্লাভস ছাড়াই খাবার তৈরি করতে দেখা যায়।

এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানাটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যৌথ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মী এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সরকারি আইন ও বিধিবিধান মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

উপরে