প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৬ ২৩:৪৫

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: জি এম সিরাজ

শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ
উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: জি এম সিরাজ

বগুড়ার শেরপুরে জেলা পরিষদের অর্থায়নে প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাকবাংলো ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন প্রকল্পে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতের ওপর কঠোর বার্তা দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
তিনি বলেন, “উন্নয়ন কার্যক্রমের সুফল পেতে হলে সেটিকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। দশ টাকার প্রকল্পে পাঁচ থেকে আট টাকা তছরুপের পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।” এ সময় উন্নয়ন কাজের গতি বাড়াতে পাঁচ বছরের কর্মপরিকল্পনা পাঁচ মাসের গতিতে বাস্তবায়নের তাগিদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন গতির সঙ্গে তাল মিলিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জনবান্ধব প্রশাসনের গুরুত্ব তুলে ধরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের দূরত্ব কমে আসাকে ইতিবাচক বলে উল্লেখ করেন।
স্থানীয় রাজনৈতিক সমীকরণ নিয়ে সংসদ সদস্য বলেন, শেরপুর, গাবতলী ও বগুড়া সদরে জামায়াতে ইসলামীর সুসংগঠিত ভোটব্যাংক রয়েছে। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাজনৈতিক মেধা, প্রজ্ঞা ও সঠিক কৌশল দিয়েই তাদের মোকাবিলা করতে হবে। এছাড়া শেরপুর পৌরসভার মতো প্রাচীন জনপদকে আধুনিক রূপ দিতে কেবল সিটি করপোরেশন ঘোষণার চেয়ে পর্যাপ্ত সরকারি বরাদ্দ ও অর্থায়ন বেশি জরুরি বলে মন্তব্য করেন তিনি।
জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলসহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপরে