প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫৩

‎বগুড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
‎বগুড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

‎রবিবার (৮ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে অতিথিরা সমবায় পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

‎স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল এবং জেলা সমবায় কর্মকর্তা সাজরাতুল আলম তৌহিদ প্রমুখ।

‎এ সময় জেলার বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বগুড়া জেলার সমবায় অঙ্গনে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-কে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

উপরে