প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ ০০:০৮

নন্দিগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আরব আলী হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নন্দিগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আরব আলী হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দিগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা ও ফাঙ্গাসযুক্ত দই সংরক্ষণ এবং পোড়া তেলে খাবার তৈরির অপরাধে আরব আলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নন্দিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

অভিযানকালে ফ্রিজে পচা, ফাঙ্গাসযুক্ত ও বাসি দই সংরক্ষণ, খাবার পরিবেশন ও মোড়কজাতকরণে খবরের কাগজ ব্যবহার, রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং পোড়া তেলে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও নজরে আসে।

এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক খন্দকার জামিল হোসেন, নমুনা সংগ্রহ সহকারী মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় নন্দিগ্রাম থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারি আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

উপরে