প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ ০০:১৪

সারিয়াকান্দিতে ধানক্ষেত থেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

সারিয়াকান্দি, বগুড়া সংবাদদাতা
 সারিয়াকান্দিতে ধানক্ষেত থেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকা মোঃ কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দীর্ঘ দিন পর ধানক্ষেত থেকে তাঁর কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ী গ্রামের একটি ধানক্ষেতে ওই ব্যক্তির কঙ্কাল দেখতে পান স্থানীয় লোকজন।
 
নিহত মোঃ কজিবর রহমান সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কলিম ফকিরের ছেলে। তিনি গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখের দুপুর থেকে নিখোঁজ ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুর থেকে কজিবর রহমান নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের পক্ষ থেকে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। নিখোঁজ ব্যক্তির ছেলে মোঃ পিন্টু মিয়ার স্ত্রী মোছাঃ রোজিনা আক্তার বাদী হয়ে ওই জিডি দায়ের করেছিলেন।
 
সোমবার সকালে চৌকিবাড়ী গ্রামের একটি ধানক্ষেতে এক অজ্ঞাতনামা ব্যক্তির কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা সারিয়াকান্দি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
পরে খবর পেয়ে নিখোঁজ কজিবর রহমানের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে যান। এ সময় কঙ্কালের পাশে পড়ে থাকা পরনের শার্ট ও লুঙ্গি দেখে সেটি নিখোঁজ কজিবর রহমানের বলে শনাক্ত করেন তাঁর ছেলে মোঃ পিন্টু মিয়া।
 
তবে ঠিক কী কারণে বা কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তিনি কীভাবে ওই ধানক্ষেতে গিয়ে পৌঁছালেন এবং মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। আকস্মিক এ ঘটনায় এলাকায় গভীর শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
উপরে