প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:৩৪

চার লেন হচ্ছে মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক

চার স্থানে নির্মাণ হবে ওভারপাস, প্রকল্পের মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
চার লেন হচ্ছে মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে বড় পরিবর্তন আসছে। বগুড়ার মোকামতলা থেকে কালাই হয়ে জয়পুরহাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করা হচ্ছে। এ জন্য ১ হাজার ৯৩৭ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পের আওতায় মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়কটি সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করা হবে। পাশাপাশি যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ চারটি স্থানে ওভারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থানগুলো হলো আমতলী, কিচক, কালাই ও বটতলী।

দীর্ঘদিন ধরে এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে বিভিন্ন স্থানে যানজটের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের চাপ বাড়ায় যাতায়াতে অতিরিক্ত সময় লাগে। সড়কটির বিভিন্ন স্থানে রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। মহাসড়ক প্রশস্তকরণ ও ওভারপাস নির্মাণের ফলে এসব ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এ সড়ক দিয়ে হিলি স্থলবন্দরসহ বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করা হয়। সড়কটির সক্ষমতা বাড়লে কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

এদিকে, প্রকল্পটি অনুমোদন দেওয়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উপরে