প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ০০:০২

বগুড়া সদর উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়া সদর উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার পর শহরের মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল ছুড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত মাটিডালী এলাকায় অবস্থিত সদর উপজেলা পরিষদের ফটকের সামনে আসে। একপর্যায়ে তাদের একজন উপজেলা পরিষদ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তদের মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখা যায়।

খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি ইব্রাহীম আলী বলেন, ‘সদর উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরণ ঘটেনি। দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেলটি ছুড়ে পালিয়ে গেছে। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য প্রহরার দায়িত্বে ছিলেন। তবে তাঁরা কাউকে চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

এ বিষয়ে জানতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

উপরে