প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৬

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের মামলা: হুইলচেয়ারে আদালতে হাজিরা দিলেন তানভীর

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের মামলা: হুইলচেয়ারে আদালতে হাজিরা দিলেন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে হুইলচেয়ারে করে তাঁকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও বগুড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী।

তিনি জানান, আদালতে দুটি আবেদন করেন তাঁরা। এর মধ্যে একটি ছিল তানভীরের জব্দ করা মুঠোফোন ফেরত দেওয়ার বিষয়ে। ফোনটির ফরেনসিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব-নিকাশ রয়েছে। তবে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান ফোন ফেরতের আবেদন নামঞ্জুর করেছেন।

আইনজীবী আরও জানান, তানভীর দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তাঁর শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যাওয়ায় চিকিৎসার কারণে আদালতে সশরীরে হাজিরা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে দ্বিতীয় আবেদনটি করা হয়। এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। সেদিন এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজী সালাউদ্দিন তানভীর। তিনি জানান, তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। কোমর থেকে পা পর্যন্ত অনুভূতি কমে গেছে এবং হাঁটাচলায় খুব কষ্ট হয়। ঢাকায় নিয়মিত দিনে দুই থেকে তিন বেলা ফিজিওথেরাপি নিচ্ছেন। তবে ইন্টারনাল লিগামেন্ট ও নিউরনের সমস্যার কারণে খুব বেশি উন্নতি হচ্ছে না। চিকিৎসকেরা তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শিগগিরই দেশের বাইরে যেতে হতে পারে বলেও জানান তিনি।

জব্দ করা ফোন ফেরতের আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়ে তানভীর বলেন, এটি তাঁর মৌলিক অধিকারের লঙ্ঘন। পরিচিত ব্যক্তিদের যোগাযোগের নম্বর ওই ফোনে থাকায় রাজনৈতিক ও সামাজিক যোগাযোগে সমস্যা হচ্ছে।

মামলাটিকে মিথ্যা দাবি করে তিনি বলেন, অতীতের মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চর্চা তিনি চান না। মামলার পূর্ণাঙ্গ নিষ্পত্তি প্রত্যাশা করেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১০ আগস্ট তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আসামিপক্ষের দাবি, কারাগারে থাকা অবস্থায় ১৫ আগস্ট তানভীর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পাশাপাশি প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ তাঁর এক বছরের জামিন মঞ্জুর করেন। এরপর ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তানভীর। পরে থেকে তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এর আগে ৪ অক্টোবরও ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছিলেন এনসিপির সাবেক এই নেতা।

উপরে