বগুড়ায় মানুষকে ঘরে ফেরাতে সড়কে সড়কে ঘুরছেন ওসি বদিউজ্জামান
বগুড়ায় লক ডাউন থাকলেও সেটি অনেকেই মানছে না। ইচ্ছে শক্তির উপর নির্ভর করে অনেকেই আসছেন নানা কাজে। কেউ বা পা হেঁটে কেউ বা আবার যানবাহনে চড়ে। করোনা আতঙ্কের মধ্যেই মানুষ আসছে। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনেকেই থাকছেন শহরে। বিভিন্ন প্রয়োজনের কারণেই শহরে এখন আগের থেকে কিছুটা হলেও ভিড় বেড়েছে।
মোটরসাইকেল, রিক্সা, প্রাইভেট গাড়ী, অটো চার্জারের যানবাহনের উপস্থিতি আগের থেকে বেড়েছে। বগুড়া সদর থানা পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সকালে থেকে এসব মানুষ ও যানবাহন নিয়ন্ত্রণে রীতিমত হিমশিম খাচ্ছে। বিশেষ করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান মানুষকে ঘরে ফেরাতে বিভিন্ন সড়কে সড়কে ঘুরছেন। হ্যান্ড মাইক হাতে নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে বিনা কারণে বাহিরে বের হতে নিষেধ করছেন। শুধু মানুষই না যানবাহন চালকদেরও তিনি করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে তিনি পরামর্শ দিচ্ছেন। এর আগে সন্ত্রাসী, নারী নির্যাতনসহ অসামাজিক কার্যকলাপ রোধে অভিভাবক ও শিক্ষার্থীদের তিনি উৎসাহ প্রদান করেন। এই উৎসাহ দিতে গিয়ে বগুড়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কাছে ওসি আঙ্কেল হিসেবে পরিচিতি পান।
জানা যায়, বগুড়ায় লক ডাউনের মধ্যে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত সাধারণ মানুষ দেখা যায়। এরপর প্রায় জনশুন্য হয়ে যায় বগুড়া শহর। করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশের ন্যায় বগুড়াতেও নিরলসভাবে কাজ করছে পুলিশ সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে দিনরাত পরিশ্রম করছেন তারা। শহরে যানবাহন নিয়ন্ত্রনসহ মানুষদের ঘরে ফেরাতে তাদের প্রচেস্টা অব্যহত রয়েছে। উত্তরের বাণিজ্যিক নগরী খ্যাত বগুড়া শহর। প্রতিদিনই বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই শহরে আসে।
শহরের সাতমাথা, থানারোড, বড়গোলা, নবাববাড়ী এলাকায় মানুষের ভীড় লেগেই থাকে। করোনা পরিস্থিতির কারনে লোক সমাগম এখন অনেকটা কম। তবু নানা কারনে সকাল থেকেই যানবাহন সহ মানুষের ভীড় থাকে বড়গোলা সহ থানা রোডে। শহরের সাতমাথা এলাকায় বাজার বসানোকে কেন্দ্র করে আরো যেন ভিড় বাড়ছে শহরে। যান চলাচল নিয়ন্ত্রন সহ মানুষদের ঘরে ফেরাতে নিরলসভাবে কাজ করছে পুলিশ সদস্যরা। অযথা বাহিরে থাকা লোকজনদের ঘরে থাকার আহবান জানানো হচ্ছে।
লোকসমাগম কাটাতে প্রতিদিনই শহরের বড়গোলা, থানা রোড, জলেশ্বরীতলা, নবাববাড়ি রোড, চেলোপাড়া, সাতমাথাসহ বিভিন্ন এলাকায় বিকাল পর্যন্ত কাজ করছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামানসহ থানার পুলিশ কর্মকর্তরা।
হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন আর সাধারণ মানুষকে বিনা কারণে ঘর থেকে বের হতে নিষেধ করছেন। অপ্রয়োজনে যান চলাচলও নিষেধ করে দিচ্ছেন। মানুষদের ঘরে ফিরতে আহবান জানাচ্ছেন। তিনি করোনা মোকাবেলায় সচেতন থাকা, সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহবান জানাচ্ছেন পথচারীদের। এছাড়া বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারনা অব্যহত রেখেছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্য (ওসি) এসএম বদিউজ্জামান জানান, সাধারণ ছুটির মেয়াদ বেড়েছে। এই সময়গুলোতে আমরা সকলে মিলে একটু ধৈর্য্যে পরিচয় দিই তাহলে বগুড়া সুরক্ষিত থাকবে। করোনা মোকাবেলায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে কেউ ক্ষতিগ্রস্থ হব না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলতে সবার প্রতি আহবান জানানো হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন
