ত্রাণ তহবিলে বৃত্তির জমানো টাকা দিলেন জয়পুরহাটের এক শিক্ষার্থী
করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য বৃত্তির জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেন তাকিবুর রহমান নাহিন নামে এক ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সোমবার (৪ মে) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের কার্যালয়ে গিয়ে তার হাতে উপবৃত্তির জমানো ৩ হাজার টাকার চেক তুলে দেন সিদ্দিকীয়া কামিল মডেল মদ্রাসার ৮ম শেণীর শিক্ষার্থী তাকিবুর রহমান নাহিন ।
তাকিবুর রহমান নাহিন ২০১৭ সালে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি লাভ করে। সে জয়পুরহাট শহরের প্রফেসরপাড়া মহল্লার আছাদুর রহমানের ছেলে। তাকিবুর রহমান নাহিন বলেন, আমি টেলিভিশনে সবসময় দেখছি। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসে অসহায়-দুস্থ মানুষ না খেয়ে দিনপার করছেন। সরকার তাদের সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে টাকা জমিয়ে রাখার আর কোনো মানেই হয় না। জমানো টাকাগুলো সদ্ব্যবহারের এখনই সময়। সে জন্য টাকাগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেছি।
নাহিনের বাবা আছাদুর রহমান বলেন, কিছুদিন আগে ছেলে বৃত্তির জমানো টাকা সরকারি তহবিলে দেওয়ার ইচ্ছের কথা জানায়। আমরা তাকে উৎসাহ দিয়েছি। তার এমন চিন্তা ভাবনায় আমরাও খুব ভাল লাগছে। জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৃত্তির টাকা নিয়ে একজন শিক্ষার্থী যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। নাহিনের এই অনুদান সমাজের যারা বিত্তবান আছে তাদের কাছে বার্তা। দেরি না করে তাদেরকেও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন
