গোবিন্দগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা আহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমার্থকদের হামলায় ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ৮নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করে ফেরার পথে খুরশাল নামক স্থানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শাখাহার ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবু হাসান (রাজু) ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ (মামুন) আহত হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে পূর্বের নির্ধারিত উঠান বৈঠক চলছিল। উঠান বৈঠক শেষে নৌকার নমিনি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজুল ইসলাম ভুট্টু তার কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় খুরশাল নামক স্থানে ওৎপেতে থাকা সঙ্ঘবদ্ধ একটি চক্র তাদের ওপর অতর্কিত হামলা চালায়। স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের সঙ্ঘবদ্ধ ওই গ্রুপটি লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করলে দুইজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবী করেছেন, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এদিকে রিটানিং কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
