দুপচাঁচিয়ায় অস্ত্র ও ট্রাক সহ ডাকাত গ্রেপ্তার ॥ ৯৩ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আপেল ওরফে হৃদয়(২৭) নামের এক ডাকাত দলের সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তুল, একটি হাসুয়া, একটি লোহার করাত ও একটি মিনিট্রাক(ঢাকা-মেট্রো-ন-১৯-১৩৪০) উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত হৃদয় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের বাবলু মন্ডলের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় তাকে গ্রেপ্তার করে। অপরদিকে ৯৩বোতল ফেনসিডিল সহ জুয়েল মিয়া(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে দুপচাঁচিয়া থানার টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের অদূরে বগুড়া-নওগাঁ সড়কের লাল ব্রীজের উত্তর পার্শ্বে কয়েকজন ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদে দ্রুত পুলিশ ওই স্থানে উপস্থিত হয়ে একজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
অপরদিকে শুক্রবার সকাল পৌনে আটটার সময় পুলিশ অভিযান চালিয়ে ৯৩বোতল ফেনসিডিল সহ জুয়েল মিয়া(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারতকৃত জুয়েল মিয়া মৌলভি বাজার জেলার বড়লেখা উপজেলার দোহালিয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। শুক্রবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলুর রাস্তার খলিশ্বর তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য হৃদয়কে আদালতে প্রেরণ করে ৭দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে । হৃদয়ের দেয়া তথ্য মতে ডাকাতদলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
