গাবতলীতে এলজিইডির অধিগ্রহণকৃত জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের চেষ্টা
বগুড়ার গাবতলীতে এলজিইডির অধিগ্রহণকৃত জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত ১২নভেম্বর উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী টু ধুনট সড়কের পার্শ্বে বাগবাড়ী ব্রীজ সংলগ্ন স্থানে। এলজিইডি কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলাকার জনসাধাণের মাঝে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার নশিপুর মৌজায় ৯২২৭দাগে ২৪শতক এবং ৯২১৫দাগে ৯শতক জমি এলজিইডির জন্য সরকার অধিগ্রহণের পর সীমানা নির্ধারণ করে রাখে। কিন্তু ওই এলাকার মৃত ইঞ্চু সরকারের ছেলে সাবু সরকার, এনামুল সরকার এবং আপেল সরকারসহ স্থানীয় কিছু লোকজনের সহযোগীতায় সরকারী ওই অধিগ্রহণকৃত জমিতে একাধিকবার জোরপূর্বক পাকা দোকান ঘর নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, সরকারী জায়গা দখল করে দোকান নির্মাণের চেষ্টার ঘটনাটি বেশ হতাশা জনক। সরকারী জায়গা দখল করে দোকান নির্মাণ করছে-এদের খুটির জোর কোথায়। কর্তৃপক্ষ কেন তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা গ্রহণ করছে না? নাকি কর্তৃপক্ষের কোন যোগসাজস রয়েছে?। স্থানীয়রা আরো জানান, ইতিপূর্বেও ওই জমিতে দোকান ঘর নির্মাণের চেষ্টা করেছিল স্থানীয় ওই প্রভাবশালীরা। কিন্তু তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে চলতি বছরের গত ১২এপ্রিল ওই জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই জমিতে আবারও দোকান ঘর নির্মাণের চেষ্টা করছে তারা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান সঞ্চয় স্থানীয় সাংবাদিকদের বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে ইউএনও এবং এসিল্যান্ড মহোদয়ের সহযোগীতায় খুব দ্রুতই এলজিইডির ওই অধিগ্রহণকৃত জায়গা মেপে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
