প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩৪

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের ভোটকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে বলে তিন প্রার্থী অভিযোগ করেছেন। আজ বুধবার সকালে এ অভিযোগ করেন তারা।

বগুড়া-৬ আসনে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল অভিযোগ করেন, শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নৌকার এজেন্ট ছাড়া অন্যদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এ কেন্দ্রে আপেল প্রতীকের এজেন্টদেরও বের করে দেওয়া হয়েছে।

বগুড়া-৬ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান আকন্দ অভিযোগ করে বলেন, অনেক কেন্দ্র থেকে ট্রাক প্রতীকের নির্বাচনী এজেন্টদের ভোটকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। রাজাপুর ইউনিয়ন, নুনগোলা ইউনিয়ন, শাখারিয়া ইউনিয়ন, মানিকচক উচ্চ বিদ্যালয়, ভান্ডার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয় ও শহরের সিটি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বহু কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী কেউ কোনো ভোটকক্ষ থেকে কাউকে বের করে দেননি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে