ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভিসার ডিজিটাল পেমেন্ট উদ্যোগ
বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ভিসা বাংলাদেশে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য ডিজিটাল লেনদেন ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে ঢাকায় এক বিশেষ আয়োজন করে। বুধবার রাজধানীর পাঁচতারকা হোটেল শেরাটনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং একটি আধুনিক ও কার্যকর লেনদেন ইকোসিস্টেম গড়ে তোলা। অনুষ্ঠানে ভিসার প্রতিনিধিরা কমার্শিয়াল কার্ড ব্যবহারের সুফল ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি তারা উপস্থাপন করেন ভিসার ‘মানি মুভমেন্ট সল্যুশন’ প্রযুক্তি—যা প্রচলিত কার্ডভিত্তিক লেনদেনের সীমা অতিক্রম করে এমএসএমই উদ্যোক্তাদের জন্য আরও সহজ, নমনীয় ও বাস্তবভিত্তিক ডিজিটাল লেনদেনের সুযোগ সৃষ্টি করবে।
ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ বলেন,
“উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতিতে এমএসএমই খাতের ভূমিকা ক্রমেই বাড়ছে। এই খাতের উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী পেমেন্ট সল্যুশন এবং আর্থিক খাতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি। ভিসা প্রতিশ্রুতিবদ্ধ—ডিজিটাল অর্থনীতির যুগে এমএসএমই খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে।”
অনুষ্ঠানে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক এইচডিএফসি’র কমার্শিয়াল কার্ড বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অংশুমান চ্যাটার্জী তার ২৪ বছরের অভিজ্ঞতার আলোকে কমার্শিয়াল কার্ড ব্যবহারে ভারতের সফল অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাস্তব কৌশল ও কার্যকর দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক দিকনির্দেশনা দেন, যা অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক ছিল।
এছাড়া ‘বাংলাদেশে এমএসএমই খাতের ভবিষ্যৎ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ব্র্যাক ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই প্রধান সৈয়দ আবদুল মোমেন তমাল, ইবিএল-এর এসএমই ও পার্সোনাল লোন বিভাগের প্রধান সালেকীন ইব্রাহিম, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান।
প্যানেল আলোচনায় বক্তারা বলেন,
“ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সময়োপযোগী আর্থিক পণ্য, আধুনিক পেমেন্ট প্রযুক্তি এবং সহজ লেনদেন ব্যবস্থা তৈরি করা অত্যন্ত জরুরি। এসব উদ্যোগের মাধ্যমে এমএসএমই খাত আরও টেকসই ও গতিশীল হয়ে উঠবে।”
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান। তিনি বলেন,
“ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলায় বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় কাঠামো উন্নয়নের মাধ্যমে এই খাতকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”
ভিসার এই আয়োজনটি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি সমগ্র অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
