প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ ২৩:০৩

বগুড়ায় ইতিহাস চর্চা পরিষদের সভা: জানুয়ারিতে আন্তর্জাতিক কনভেনশন

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ইতিহাস চর্চা পরিষদের সভা: জানুয়ারিতে আন্তর্জাতিক কনভেনশন

আসন্ন আন্তর্জাতিক কনভেনশনকে সফল করার লক্ষ্যে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) রাত ৮টায় বগুড়া নার্সিং হোম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা একে এম রাজি উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, বগুড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আতাউর রহমান খান মুক্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাড. একে এম মাহবুবর রহমান, ডা. এ.এইচ.এম. মুশিহুর রহমান, কনভেনশন আয়োজক কমিটির কো-চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, অতিরিক্ত পিপি অ্যাড. আজাদ তালুকদার, ডা. সাকিল আহাম্মদ, বগুড়া আদর্শ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, অধ্যাপক জুলফিকার আলি ভুট্টো, অধ্যাপক আফজাল হোসেন জেমস, আসাদুল হক কাজল, শাহানা ইউসুফ রুশি, মো. নজিবুর রহমান জিয়া, ব্যবসায়ী মো. রজিব উদ্দিন, রায়হান আহাম্মেদ রানা, মোমিনুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৮ ও ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) “বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন অনুষ্ঠিত হবে।

এছাড়া কনভেনশন সফল করার লক্ষ্যে আগামী ৩০ আগস্ট ঢাকায়, পরবর্তীতে রাজশাহী ও রংপুরে সুধী সমাবেশ আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, ইতোমধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯৮০ জন গবেষকের কাছে বগুড়ার শত বছরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক উন্নয়ন নিয়ে গবেষণাপত্র উপস্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এই গবেষণা কার্যক্রম তদারকির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস অনুষদের শিক্ষকদের সমন্বয়ে ড. সাহিদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ প্যানেল কাজ চালিয়ে যাচ্ছে।

আমন্ত্রিত অতিথিরা আন্তর্জাতিক কনভেনশনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপরে