রাজশাহীতে সর্প দংশন সচেতনতা ও উদ্ধার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর যৌথ উদ্যোগে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ, চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ৩টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর প্রশাসনিক ভবনের ২১৭ নং কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান, বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, রুবি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার এবং ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আফজাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, যেমন অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী, অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, অধ্যাপক মোঃ ফিরোজ আলী, সহযোগী অধ্যাপক সোনিয়া আখতার ও প্রভাষক মোহাম্মদ আলী।
সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএফের সভাপতি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশ. জুনায়েদ আহমেদ।
মুখ্য আলোচক বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মোঃ আবু সাইদ। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির।
আলোচকবৃন্দ বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের প্রজাতি, বিগত তিন বছরে সাপের কামড়ের পরিসংখ্যান, সর্প কামড়ের কারণ, এন্টিভেনম ব্যবহারের কার্যকারিতা এবং সর্প দংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়া তারা পরিবেশের জন্য উপকারী সাপ হত্যা না করে উদ্ধার ও প্রকৃতিতে অবমুক্তকরণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণকালে সর্প উদ্ধার, হ্যান্ডলিং এবং প্রকৃতিতে অবমুক্তকরণের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকরা সাপ উদ্ধারে নিরাপত্তা, সুরক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জামের গুরুত্বেও গুরুত্বারোপ করেন।
