দুই শতাধিক কবি নিয়ে বগুড়ায় সাহিত্য উৎসব
জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে। উৎসবে অংশ নেন প্রায় ২০ জেলার দুই শতাধিক কবি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাদেক সোহাগ।
অনুষ্ঠানে কবি ও লেখকরা স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বইমেলার উদ্বোধন ও তরুণ কবিদের সৃষ্টিকে প্রাধান্য দেয়। এছাড়া লিটলম্যাগের ভূমিকা, কবি আড্ডা এবং জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়।
উৎসবে কবি ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, জয়ন্ত দেব, সাংবাদিক মসহীন রাজু, মাহফুল আখতারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম।
উক্ত সাহিত্য উৎসবের মাধ্যমে জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয় এবং জেলার সাহিত্যপ্রেমীরা আনন্দ উৎসবে মেতে ওঠেন।
