প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০০:২৯

প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে রঞ্জনা বেগমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে রঞ্জনা বেগমের অভিযোগ

বগুড়ার ধাওয়াপাড়া এলাকায় জমি দখল, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ রঞ্জনা বেগম। সোমবার (২৫ আগস্ট) বগুড়া প্রেস ক্লাবে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

রঞ্জনা বেগম লিখিত বক্তব্যে দাবি করেন, তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ধাওয়াপাড়া মৌজার সাবেক ১৬ দাগের প্রায় ২৮ শতক জমিতে বসবাস করছেন। কিন্তু একই গ্রামের আব্দুর রহিম, রফিকুল ও শফিকুল প্রভাব খাটিয়ে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ ঘটনায় একাধিকবার আদালত ও স্থানীয় পর্যায়ে মিমাংসার উদ্যোগ নিলেও প্রতিপক্ষ কোনো সমাধান মানেনি।

তিনি অভিযোগ করেন, আব্দুর রহিমের জামাই অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের প্রভাব খাটিয়ে তার পরিবারকে ভয়ভীতি, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। রঞ্জনা বেগমের দাবি, সম্প্রতি তার মাকে গুরুতর আহত করা হয় এবং পরিবারের কয়েকজনকে মারপিট করা হয়। পরে তাদের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।

এসময় তিনি আরও অভিযোগ করেন, গত ২৪ আগস্ট মোঃ রফিকুল ইসলাম প্রেস ক্লাবে যে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা ও বানোয়াট। তার পরিবার এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

রঞ্জনা বেগম প্রশাসনের কাছে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উপরে