প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০০:৩৬

দোকান জবর দখলের প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
দোকান জবর দখলের প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন

বগুড়া শহরের ঝাউতলা সংলগ্ন বছিরন মার্কেটের নিচতলায় ভাড়া নেয়া দোকান জবর দখল ও ব্যবসায়িক ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা বেগম নামে এক ভুক্তভোগী নারী।

রোববার (তারিখ) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তার স্বামী মরহুম লিয়াকত আলী প্রামানিক ১৯৮৪ সালে একটি ভাড়াটিয়া চুক্তির মাধ্যমে মার্কেটের নিচতলায় ৩ নং দোকান ঘর ভাড়া নেন এবং দীর্ঘদিন সেখানে ব্যবসা পরিচালনা করেন। স্বামীর মৃত্যুর পর তিনি ও তার তিন কন্যা দোকানটি চালিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, দোকান মালিক শাজাহান আলী মণ্ডলের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা আদালতে ভাড়াটিয়া উচ্ছেদ সংক্রান্ত মোকদ্দমা দায়ের করেন। তবে গত বছর বিবাদী পক্ষ আদালতে দরখাস্ত দিয়ে মোকদ্দমা প্রত্যাহার করায় মামলাটি নিষ্পত্তি হয়।

কিন্তু চলতি বছরের ২৯ জুলাই সকালে মালিকের ছেলে তহিদুর রহমান তাজসহ ৫০/৬০ জন বহিরাগত দোকানে প্রবেশ করে মালামাল বাইরে ফেলে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এসময় প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয় এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেন আফরোজা বেগম।

তিনি আরও জানান, এ ঘটনায় বগুড়া সদর থানা, বাজার কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো প্রতিকার মেলেনি। স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আফরোজা বেগম বলেন, “দোকান জবর দখলের কারণে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছি। সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।”

তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দোকানটি ফেরত দেওয়ার দাবি জানান।

উপরে