প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০২:০৩
গাবতলীতে নিম্নমানের সরকারি চাউল জব্দ, বিতরণ বন্ধ
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
বগুড়ার গাবতলীতে ইউএনও ও থানা পুলিশ একটি বাড়ীর গোডাউন থেকে ১৫৬ বস্তা নিম্নমানের সরকারি চাউল জব্দ করেছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে চাউলগুলো থানায় আনা হয়।
স্থানীয়রা জানান, গাবতলী পৌর সদরের খলিসাকুড়া এলাকায় একটি বাড়ীর গোডাউনে সরকারি নিম্নমানের চাউল রাখা ছিল। বিষয়টি গোপনে জানতে পেরে ইউএনও হাফিজুর রহমান ও থানার এসআই গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স বাড়ীতে অভিযান চালান এবং চাউল জব্দ করেন।
ইউএনও হাফিজুর রহমান বলেন, “হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ভালো চাউলের সঙ্গে নিম্নমানের চাউল ভেজাল দেওয়ার সঙ্গে জড়িত। কাউকে আটক করা যায়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।”
এর আগে, গাবতলীর বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিম্নমানের সরকারি চাউল বিতরণের ঘটনায় সুবিধাভোগী নিম্নআয়ের মানুষদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে ইউএনও হাফিজুর রহমান সোমবার দুপুরে দূর্গাহাটা ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ বন্ধ করে দেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
