প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০২:০৬

রংপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ জন

জালাল উদ্দিন, রংপুরঃ
রংপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ জন

মাত্র ১২০ টাকা ব্যয়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন রংপুরের ৪০ জন তরুণ-তরুণী। শুক্রবার বিকেলে রংপুর পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণার সময় চাকরি পাওয়া প্রার্থীরা আনন্দে ও আবেগে কেঁদে ফেলেন।

অনুষ্ঠানের সভাপতি রংপুরের পুলিশ সুপার মো. আবু সায়েম নবনিযুক্তদের উদ্দেশ্যে বলেন, “পুলিশে চাকরি মানে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা। প্রলোভন আসবে, কিন্তু তা এড়িয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

নিয়োগপ্রাপ্তদের অনেকে পরিবারের অভাব-অনটনের কথা তুলে ধরে জানান, এই চাকরি তাদের জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে। কারো মা ক্যানসারে আক্রান্ত, কারো বাবা নেই, কারো মা অন্যের বাড়িতে কাজ করেন, আবার কারো বাবা-মা গার্মেন্টসে চাকরি করেন। চাকরি পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনেকে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেন। তাদের আবেগঘন অনুভূতিতে উপস্থিত অতিথি ও দর্শকরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু, রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রুনা লায়লা, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

এবারের নিয়োগে ৪০ জন উত্তীর্ণ হয়েছেন, অপেক্ষমাণ রয়েছেন আরও ৮ জন।

উপরে