প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৫ ২৩:০৫
ছাত্রনেতা রেজাউল করিম খান রেজার মৃত্যুতে সিপিবি বগুড়ার শোক
খবর বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম এক যৌথ শোক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক নেতা এবং আশির দশকের স্বৈরাচারবিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ছাত্রনেতা রেজাউল করিম খান রেজা আজ ৫ নভেম্বর বুধবার ভোররাতে ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রয়াত রেজা দীর্ঘদিন ধরে পেটে টিউমারজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক বোন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, রেজা ছিলেন আপাদমস্তক অমায়িক, সৎ, বন্ধুবৎসল এবং দেশপ্রেমিক মানুষ। তাঁর মৃত্যুতে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
প্রয়াত রেজার জানাজা আজ বাদ জোহর করনেশন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে নামাজগড় আঞ্জুমান গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
