প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৫ ০০:৫৯

রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন

উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁঃ
রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন

নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের যানজট নিরসনের জন্য ফ্লাইওভার কিংবা আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার উপজেলা সদরের রেলগেটে রাণীনগর উপজেলাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের নান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ হারুনুর রশিদসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, রাণীনগর রেলগেট অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি স্থান। রেললাইনের পাশ দিয়ে বয়ে চলেছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক। যে সড়ক দিয়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলার ভারি যানবাহন ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে চলাচল অব্যাহত রেখেছে। অপরদিকে নওগাঁ-রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কে যেতে হলেও এই রেলগেট পার হতে হয়। দু’টি আঞ্চলিক সড়কের মিলনস্থল এই রেলগেট। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে চলাচলের জন্য দিন দিন ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও রেলগেটের কোন উন্নয়ন হয়নি। যার কারণে প্রতিদিনই ট্রেন চলাচলের সময় রেলগেট পড়ার পর দুই পাশে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘন্টা যানজটের শিকার হতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার পথচারিদের। 

তারা আরও বলেন, বছরের পর বছর কোন সংস্কার না করা এবং বিকল্প কোন সড়কের সৃষ্টি না করার কারণে এই রেলগেট বর্তমানে অত্র অঞ্চলের লাখ লাখ মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। এই বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বহুবার লেখালেখি করেও আজ পর্যন্ত কোন দপ্তরের সুদৃষ্টি পড়েনি। এই সড়ক দিয়ে চলাচলকারি হাজার হাজার পথচারিদের প্রতিদিনই যানজট নামক মরণফাঁদে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত এই রেলগেট বিকল্প পথ হিসেবে ফ্লাইওভার কিংবা আন্ডারপাস নির্মাণ না করা হলে আগামীতে উপজেলাবাসী বাধ্য হবেন কঠোর কর্মসূচি গ্রহণ করতে বলে মানববন্ধনে হুশিয়ার প্রদান করেন বক্তারা।

উপরে