বিমানবন্দর থেকে মোবাইল চুরি করতে গিয়ে ধরা আনসার সদস্য, চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন আনসার সদস্য জেনারুল ইসলাম। ঘটনার পরপরই তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
ঘটনা যেভাবে ঘটেছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর রাতে আনসার সদস্য জেনারুল ইসলাম নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি লোভের বশবর্তী হয়ে পোড়া ভবনের ভেতর থেকে কিছু বাটনফোন অনৈতিকভাবে লুকিয়ে বের করার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই অন্য সদস্যদের হাতে ধরা পড়েন তিনি।
দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা
ঘটনার গুরুত্ব বিবেচনা করে বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জেনারুল ইসলামকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
“দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাহিনীতে শৃঙ্খলা ও সততার উদাহরণ স্থাপন করা হয়েছে। অনৈতিক চর্চা কমে এলেও সম্পূর্ণ নির্মূল করতে ইতোমধ্যে মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে।”
