প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:২৪

পৌনে ১১ লাখ পোস্টাল ব্যালট গণনায়

নিজস্ব প্রতিবেদক
পৌনে ১১ লাখ পোস্টাল ব্যালট গণনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেওয়া ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি পোস্টাল ব্যালট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের ভোটকেন্দ্রে সাধারণ ভোট গণনার পাশাপাশি পোস্টাল ব্যালট গণনার কাজও চলছে।

কমিশনের ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের হাতে আরও কিছু পোস্টাল ব্যালট পৌঁছালেও নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ব্যালটগুলোই গণনায় নেওয়া হয়েছে।

ইসির ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের তথ্যমতে, এবার ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী বাংলাদেশি।

অ্যাপের তথ্য অনুযায়ী, ৫ লাখ ৪৪ হাজার ৩৮০ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেন। তাদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৩৭০ জন সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ভোট জমা দিয়েছেন।

প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান। তারা হলেন—নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত পর্যন্ত কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলার পাশাপাশি পোস্টাল ব্যালট গণনার কাজও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উপরে