প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৫৯

বিদায়ী সাক্ষাৎ- সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক
বিদায়ী সাক্ষাৎ- সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে সরকার প্রধানের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে বলা হয়, “সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
“প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসন অবসানের পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।
এই সরকারের তত্ত্বাবধানে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে, যাতে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও সেখানে উপস্থিত থাকবেন। মূলত এর মধ্যে দিয়েই তার দেড় বছরের দায়িত্বের সমাপ্তি ঘটবে।
আওয়ামী লীগ সরকারে পতনের দুই মাস আগে ২০২৪ সালের ২৩ জুন বাংলাদেশ সেনাবাহিনীর অষ্টাদশ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তার দায়িত্বের মেয়াদ রয়েছে ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত।

 

উপরে