দীর্ঘ তিন দশক পর বগুড়ায় মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মীর শাহে আলম
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে প্রায় তিন দশক পর বগুড়া জেলা থেকে কেউ মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হলেন।
এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত হয়ে মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে জেলাটির কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাননি। তবে খালেদা জিয়া এবং তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন।
মীর শাহে আলম বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং জেলা বিএনপির সহসভাপতি। রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৯৭ সালে তিনি শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-2 আসনে বিএনপি প্রথমে জোটগতভাবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল হয়। পরে দলীয় মনোনয়ন পান মীর শাহে আলম। নির্বাচনে তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, মীর শাহে আলম তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও জনগণ বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করেছেন।
