খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি।। অভিযুক্ত কসাই এনতাজুল আটক
নওগাঁর ধামইরহাট উপজেলায় কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বাজারে বিক্রয় কাণ্ডের অভিযুক্ত কসাই মো. এনতাজুল (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার নানাইচ এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। সে জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার এলাকার মৃত অলি শাহ্ এর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুলু মিয়া (৫৭) নামক অপর আরও একজন কসাই পলাতক রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, গত রবিবার ভোরে মঙ্গলবাড়ী এলাকার আলু ক্ষেতে একটি কুকুর জবাই করেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই জবাই করা কুকুর খাসির মাংস হিসেবে মঙ্গলবাড়ী বাজারে বিক্রয়ের চেষ্টা করেন তারা। তাৎক্ষনিকভাবে বিষয়টি স্থানীয়রা জানতে পারলে বিক্রয়ের উদ্দেশ্যে জবাই করা কুকুরের ২৫ কেজি মাংস ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশ একটি কুকুরের মাথা, চামড়া ও ২৫ কেজি মাংস উদ্ধার করেন। খাসির বদলে কুকুরের মাংস জনগণকে খাওয়ানোর অপরাধে থানায় নিরাপদ খাদ্য আইনে কসাই এনতাজুল ও দুলুর বিরুদ্ধে মামলা করা হয়। সোমবার রাতে কসাই এনতাজুলকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে কসাই এনতাজুলকে মামলার মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে দ্রুত গ্রেফতার চেষ্টা চলমার রয়েছে।
