প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৪৯

নামাজ পড়তে ডাকায় বুকে লাথি, ঘটনাস্থলেই মৃত্যু স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক
নামাজ পড়তে ডাকায় বুকে লাথি, ঘটনাস্থলেই মৃত্যু স্কুলছাত্রের

বরিশাল জেলার হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরিফ রাঢ়ি (১২) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবিশোর গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত মোশারফ বয়াতি (২৬)কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত আরিফ রাঢ়ি গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। আটক মোশারফ একই গ্রামের শাহজালাল বয়াতির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, শুক্রবার সকাল ৮টার দিকে খালের পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তারা মোশারফকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে জানা যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ মোশারফের ঘরে গেলে তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য ডাকাডাকি করে। এ সময় মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সহকারী পুলিশ সুপার আরও জানান, অভিযুক্ত মোশারফকে গ্রেফতার করা হয়েছে এবং তার মাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপরে