প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:০৫

এক মাস আগের ফুটবল খেলা ছিল দন্দ্বের মূল কারণ, বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
এক মাস আগের ফুটবল খেলা ছিল দন্দ্বের মূল কারণ, বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন রহমান ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যরা জানান, মিলন স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে সক্রিয় ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ফুটবল খেলা নিয়ে নন্দীগ্রামের বীরপলি গ্রামের শামিম নামে এক যুবকের সঙ্গে বুড়ইল গ্রামের নবীর শেখের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার শামিম শ্বশুরবাড়িতে আসার পথে নবীর শেখ তাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে শামিম ও তার পরিবারের সদস্যরা রাতে বুড়ইল গ্রামে এসে নবীর শেখকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে নবীরকে না পেয়ে তার পক্ষের লোক হিসেবে পরিচিত মিলন রহমানকে মসজিদের সামনে দেখতে পেয়ে শামিম, তার বাবা শাহীনসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মিলনের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোশারফ হোসেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য, বলেন— বুড়ইল গ্রাম তার নিজ এলাকা এবং নিহত মিলন তার প্রতিবেশী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে, যা অত্যন্ত মর্মান্তিক।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপরে