প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:১২

গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুক’কে থানায় নিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে ৬ ‘ভিক্ষুক’কে থানায় নিয়েছে পুলিশ

রাজধানীর ঢাকার গুলশান এলাকায় তারেক রহমানের বাসার সামনে অবস্থানরত ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর তাদেরকে থানায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বারবার সরে যেতে বললেও তারা নির্দেশনা মানেননি। পরে বিষয়টি থানাকে জানানো হলে তাদেরকে নিয়ে যাওয়া হয়।

আটকরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, তারা সেখানে অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাদের সরে যেতে বললেও তারা না শোনায় পুলিশকে জানানো হয়। পরে ইফতারের পর তাদের থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, “তাদেরকে থানায় এনে বসিয়ে রাখা হয়েছে এবং খাবার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে নির্বাচনকে ঘিরে গত ৪ জানুয়ারি ও আগের দিন রাতে একই এলাকায় তারেক রহমানের বাসা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের সামনে থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা নিজেদের তারেক রহমানের সমর্থক বলে দাবি করেছিলেন।

উপরে