প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:১৮

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টিকে দেখে 'ভুয়া ভুয়া' স্লোগান

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টিকে দেখে 'ভুয়া ভুয়া' স্লোগান

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মহানগর ইউনিটের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ শেষে বের হওয়ার সময় তাদের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে প্রবেশ করছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। তবে সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের কোনো পরিচিত নেতাকে দেখা যায়নি।

এনসিপির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার দেখতে পেয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ত্যাগ করেন।

রাজনৈতিক প্রেক্ষাপটে জানা যায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে চাপের মধ্যে রয়েছে। বিভিন্ন সময়ে তাদের কর্মসূচিতে বাধা, দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এদিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানিয়ে আসছে অভ্যুত্থানপন্থী কয়েকটি সংগঠন। এমন পরিস্থিতির মধ্যেই দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও কোনো আসনে জয় পায়নি।

উপরে