মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা আসছে
অনলাইন পোর্টাল ও আইপি টিভি একটি নীতিমালার আওতায় আনার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রেস ক্লাব পরিদর্শন গিয়ে তিনি বলেন,
“মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি, গত ১৭ বছর কীভাবে চলেছে। যেভাবে পারা যায় সেভাবে অনিয়ম ও দুর্নীতি করে পরিচালনা করা হয়েছে।
“কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। তবে এখন সবই চলবে নিয়মের ওপর। দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।”
একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে জানিয়েছে প্রতিমন্ত্রী বলেন, “তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।”
এদিন বেলা ১২টার দিকে ইয়াসের খান চৌধুরী তিন দিনের সরকারি সফরে নান্দাইলে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে এটি তার প্রথম সফর। নান্দাইলে পৌঁছার পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন।
প্রটোকল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে তিনি নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শন করেন।
এ সময় সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন ইয়াসের খান।
পরে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।
