প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২২
প্রতিটি কৃষকের হাতে দ্রুত পৌঁছে যাবে কৃষক কার্ড-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
বিশেষ সংবাদদাতা, শিবগঞ্জ, বগুড়া থেকেঃ
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষকদের সম্মান জানাতে বগুড়ার শিবগঞ্জে তিন শতাধিক কৃষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৃত কৃষকদের হাতে সম্মাননা তুলে দেন।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক। তাদের পরিশ্রম ও ত্যাগের কারণেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। কৃষকদের ন্যায্য অধিকার, প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে প্রতিটি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সারাদেশে কৃষকদের প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
