সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে: ভূমিমন্ত্রী
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সাহেববাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৬টি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে নিয়ে তিনি রাজশাহীর সন্তান হিসেবে নগরী ও দেশের উন্নয়নে কাজ করবেন। রাজশাহী মহানগরীকে একটি আধুনিক ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, বিএনপির আমলে রাজশাহীতে গ্যাস লাইন স্থাপন করা হয়েছিল। পুনরায় গ্যাস সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান সচল করা এবং সম্ভাবনাময় সিল্ক শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে রাজশাহীতে একটি ইপিজেড স্থাপনের সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে যেমন সারা দেশের উন্নয়ন করা হবে, তেমনি এর আলোকে রাজশাহীর উন্নয়নও এগিয়ে নেওয়া হবে। প্রতি সপ্তাহে রাজশাহীতে এসে জনগণের সঙ্গে মতবিনিময়ের আশ্বাস দেন তিনি।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি’ বা ‘আমার’ মনোভাব নয়- সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চান তিনি। যুবসমাজকে দক্ষ করে তুলতে আইটি ও কম্পিউটার প্রযুক্তি খাতে কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। সততার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। নিজেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করেন এবং ছুটির দিনেও দায়িত্ব পালন করেন বলে জানান মন্ত্রী।
গত ১৭ বছরে রাজশাহী উন্নয়নে পিছিয়ে পড়েছে দাবি করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একসময় রাজশাহী ‘হ্যাপি সিটি’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল- সে অবস্থান পুনরুদ্ধারের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু ও একটি ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানান।
রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, অ্যাডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. হাবিবুর রহমান ও প্রফেসর ড. ফৌজিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব প্রফেসর আক্তার হোসেন।
এর আগে নগরীর আরেকটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
