প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:১৪
খোর্দ্দকোমরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মশিউর রহমান, সাদুল্লাপুর সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেলে খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এসএম সামিউল্লাহ সলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম। তিনি এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সামিউল্লাহ সলিলের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বায়তুলমাল সেক্রেটারি লোকমান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ওয়ালিয়ুর রহমান এবং সাবেক ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। তারা সমাজে নৈতিকতা, মানবিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।
