প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:২৫

রংপুরে ইরানে সামরিক হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

জালাল উদ্দিন,রংপুরঃ
রংপুরে  ইরানে সামরিক হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি-সহ অন্যান্যদের হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে রংপুর জজকোর্ট চত্বরে সাধারণ আইনজীবীবৃন্দের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন আদালতের আইনজীবীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট নান্নু, অ্যাডভোকেট বাপ্পীসহ অন্যরা। বক্তারা বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর এ ধরনের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে হামলা বন্ধ এবং দোষীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বাড়াবে। নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বিশ্ব নেতৃবৃন্দকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত আইনজীবীরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা নাগরিক দায়িত্বের অংশ। আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উপরে