ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি: প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৩ মার্চ) জেলা প্রশাসন সূত্রে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জানিয়ে দেওয়া হবে।
এদিকে, উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসনে বর্তমানে নির্বাচনী তফসিল কার্যকর রয়েছে। এ সময়ে সরকারের কোনো বিশেষ কর্মসূচি বা ফ্যামিলি কার্ড বিতরণের মতো আয়োজন অনুষ্ঠিত হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। আচরণবিধি ভঙ্গের কোনো সুযোগ সৃষ্টি না করতেই সফরটি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রশাসনের এমন সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
