প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ ০০:৩৩
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ-অগ্নিসংযোগ
নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাপায় রিমন হোসেন (৩০) নামে এক কোচিং সেন্টারের শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন ও ইটভাটার কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর এবং একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন ধরিয়ে দেয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে আড়চা গ্রামে যাচ্ছিলেন। এ সময় কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কের কীর্ত্তিপুর গ্রামের শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটায় গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন জ্বালিয়ে দেয়। পরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে সদর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইটভাটা ভেঙ্গে দেওয়ার আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় উত্তেজিত এলাকাবাসী।
এবিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ট্রাক্টরের চাপায় শিক্ষক রিমন হোসেনের মৃত্যুর পর ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
