প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ০৬:৪০

রাজবাড়ীতে বিয়ের কথা বলে ডেকে এনে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
রাজবাড়ীতে বিয়ের কথা বলে ডেকে এনে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশায় এক তরুণীকে সাবেক প্রেমিকের সঙ্গে বিয়ের দেওয়ার কথা বলে ডেকে এনে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) এবং বাজেয়াপ্ত বাগলী গ্রামের আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২৩)।
এর আগে রোববার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পাংশা মডেল থানায় দুইজনকে আসামি করে মামলা করেছিলেন।
মামলায় উল্লেখ করা হয়, উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ওই তরুণীর প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান ঘটে।
পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল ফোন করে তাকে পাংশায় আসতে বলেন এবং সজলের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ২৭ ফেব্রুয়ারি তরুণী গাজীপুর থেকে পাংশায় আসেন।
পরে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল তাকে বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুলও নিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দুজনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এই আসামির বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু মামলা আছে। এর মধ্যে আকাশ মণ্ডলের বিরুদ্ধে পাংশা থানায় ছয়টি মামলা এবং মো. জামাল মণ্ডলের নামে একটি অস্ত্র, একটি দস্যুতা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

 

উপরে