প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ০৬:৫১
গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ
গাইবান্ধা সংবাদদাতাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইজিবাইক চালক অজ্ঞাতনামা পাঁচজন দুর্বৃত্তকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এর আগে, গত মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
ওই ইজিবাইক চালকের নাম গোলাম হোসেন। তিনি পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
গোলাম হোসেন জানান, স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে সাথে নিয়ে তরমুজ কেনার জন্য ইজিবাইকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলেন। পথে চারাবটগাছ নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার পথরোধ করে। এ সময় পুলিশের পোশাক পরিহিত পাঁচজন অজ্ঞাতনামা যুবক প্রাইভেটকার থেকে নেমে আসে। তারা গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটি নিয়ন্ত্রণে নেয় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন ইজিবাইক চালককে প্রাইভেট কারে তুলে নিয়ে সটকে পড়ে। পরে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান নামক স্থান থেকে ইজিবাইক চালক গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
