গাবতলীতে মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি গত ৩ মার্চ রাত ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হোসেনপুর গ্রামের জুলাইযোদ্ধা সাফিকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেদম মারপিট করে গুরুতর আহত করে। এতে তার পায়ের গোড়ালিতে তিনটি সেলাই দিতে হয়।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের নেতৃত্বে অভিযুক্তরা বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সাফির বাড়ির সামনে মহড়া দেয়। এ সময় সাফির মা হোসনে আরা বেগম (৪০) সেখানে উপস্থিত হলে তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত হোসনে আরার দেবর মোখলেছার রহমান বাদী হয়ে বুধবার থানায় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গাবতলী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
