প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ১৬:৫০

নওগাঁর স্ত্রী-কন্যাকে হত্যার পর নিজেকে শেষ করলেন যুবক

নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর স্ত্রী-কন্যাকে হত্যার পর নিজেকে শেষ করলেন যুবক
জয় সরকার। ছবি- সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলায় ছুরিকাঘাতে স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যাকে হত্যার পর একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শুক্রবার (৬ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম জয় সরকার (২৭)। তিনি উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে। নিহতদের মধ্যে তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও পাঁচ বছর বয়সী কন্যা জিনিয়া সরকার রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমাতে যান জয় সরকার। রাতের কোনো এক সময় তিনি স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তার আচরণ বেপরোয়া হয়ে উঠত এবং পারিবারিক কলহ লেগেই থাকত।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় জয়কে হাসপাতালে আনা হলে তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।

এ ঘটনায় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপরে